।।বাউন্ডুলের কাব্য ।।
জন্ম বাউন্ডুলে আমি;পথ আদিগন্ত পূবে পশ্চিমে
উত্তর-দখিনেও ঈশান নৈঋত ! কি জানি ! বোধ হয় তাও...
অনন্ত অগস্ত্যযাত্রায় যেন একিলাস - ইউলিসিস আমি
পথভ্রান্ত ইনিয়াস অথবা সিন্দেবাদের নাবিক
আমার আনন্দ জলকলরোলে স্ফুরিত ফেনার আস্ফালনে ,
নতুনতর দ্বীপমালা -সাগরতটের দৃশ্যময়তায় - অনন্য অনুভবে
গাংচিল অথবা সাগর সারসের উড়ানে উড়ানে...
না কোনো পদ্মাবতী অথবা পদ্মবন সৌরভ দেয় দুদন্ড
জিরোবার অবসর ... আরো পথ আছে বাকী
ঢের পথ বাকী পাড়ি দেবার
বিতত বিশ্বনিখিলে নিহিত অনাদির যে গান অশ্রুত
শুনবো তা একান্ত অনুভবে দোয়েলের ডানা ঝাপটায়
অনন্ত পথের যাত্রী আমি -নভনীল আসমানে সবুজের অভিযান
বাউন্ডুলে হৃদয়ে এখন অনন্তের আহ্বান ...।।